- গ্রামীণ ব্যাংক সাপাহার শাখার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ
শনিবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও নওগাঁর সাপাহারে গ্রামীণ ব্যাংকের কিস্তি আদায়ের অভিযোগ উঠেছে। গ্রামীণ ব্যাংকের সাপাহার শাখার আওতাধীন প্রায় প্রতিটি কেন্দ্রে কিস্তি আদায় করছেন মাঠকর্মীরা এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময় সূচি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৪ আগস্ট ২০২২ তারিখ থেকে বাংলাদেশের সকল ব্যাংক-কোম্পানির লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। যা ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ সালের ৪৫ ধারার ক্ষমতাবলে জারি করা হয়।
বাংলাদেশ সরকার প্রদত্ত আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান থাকবে। এ প্রজ্ঞাপন থেকে নিশ্চিত হওয়া যায় যে, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে একাধিক সূত্র জানিয়েছে, গ্রামীণ ব্যাংক সাপাহার শাখায় কর্মরত কর্মীরা সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অফিসে কাজ করছে। অপরদিকে গতকাল শনিবার সরকারি ছুটির ঘোষণা থাকলেও ওইদিন দেদারছে কিস্তি আদায় করেন ব্যাংকে কর্মরত কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, শুক্রবার-শনিবার সরকারি ছুটি। সব প্রতিষ্ঠান প্রায় বন্ধ। তবে, গ্রামীণ ব্যাংকের লোকেরা এসে কিস্তি না নিয়ে যায় না।
সাপাহার শাখার কয়েকজন কর্মী নাম প্রকাশ না করা শর্তে জানান, আমরা ছোট পোস্টে চাকরি করি। আমাদের উর্ধ্বমহল চাপ সৃষ্টি করলে আমাদের কালেকশনে যাওয়া ছাড়া উপায় থাকে না।
সাপাহার এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুর রহিমের সঙ্গে কথা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এমনিতে কর্মীরা যায়। হয়তো কারো বকেয়া আছে বা শনিবারে দিতে চেয়েছে এমন লোকের কাছে কর্মীরা যায়।









