ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বামীর পিঠে চড়ে ভোট দিলেন স্ত্রী রওশন আক্তার। গতকাল রবিবার ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। রওশন আক্তারের বয়স যখন ৫ বছর তখন টাইফয়েডে অচল হয়ে যায় তার দুই পা। হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে।
ভোট দিয়ে তিনি বলেন, ‘আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় বসে থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমাকে দাম না দিলেও আমি আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই আমি ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।
রওশনের স্বামী সোহেল মিয়া বলেন, ‘স্ত্রীর চলাফেরার সমস্যার জন্য আমিই তার কাছে থেকে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।’
তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহ জেলার তিনটি উপজেলা ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে মোট ১৮২ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ভোটার ৭ লাখ ৫০ হাজার ৬৯৯ জন।
আনন্দবাজার/এম.আর








