গাজীপুরের কালিয়াকৈরে অভাবের সংসারে শাড়ি কিনে আনায় স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে গৃহবধূ রুমা আক্তার (২৭)। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রুমা আক্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্ল্যা গ্রামের আশুতোষের মেয়ে এবং মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এলাকার প্রকাশের স্ত্রী।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) রকিবুল হাসান জানান, কয়েক বছর পূর্বে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্ল্যা গ্রামের আশুতোষের মেয়েকে বিয়ে করে মানিকগঞ্জের সাটুরিয়ার প্রকাশ। বিয়ের কয়েকদিন পর’ই জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে আসেন স্বামী-স্ত্রী। কালিয়াকৈরে বাসা ভাড়া নিয়ে রুমার স্বামী প্রকাশ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি নেন। চাকরি নেয়ার কিছুদিন পর রুমার স্বামী অসুস্থ হয়ে পড়লে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করালেও সুস্থ হয়নি। পরে ঢাকার একটি হাসপাতালে রুমা তার স্বামীকে বিভিন্ন চেকআপ করালে ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে অসুস্থ স্বামীকে নিয়েই দিন কাটছিল রুমার। গতকাল শনিবার সকালে বাজার থেকে শখ করে স্ত্রীর জন্য একটি শাড়ি কাপড় কিনে বাসায় ফেরে প্রকাশ। স্ত্রীর হাতে কাপড় তুলে দিলে সে রাগ করে বলে তোমার কোনো রোজগার নেই, তুমি কেনো আমার জন্য কাপড় আনতে গেলে। এর কিছুক্ষণ পর পাশের ঘরের দরজা বন্ধ দেখতে পায় স্বামী। তখন স্ত্রী রুমাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের সহযোগীতায় ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে স্ত্রী রুমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। স্থানীয়রা রুমাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক (এসআই) রকিবুল জানান, খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।









