দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর পুনরায় চালু হলো আন্ত:দেশীয় ট্রেন চলাচল। রোববার( ২৯ মে) সকাল ৮.১৫ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কোলকাতার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা করে মৈত্রী এক্সপ্রেস। অন্যদিকে কোলকাতা থেকে সকাল ৭.২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে বন্ধন এক্সপ্রেস। এছাড়া ১ জুন থেকে ঢাকা- নিউ জলপাইগুড়ি রুটে প্রথমবারের মতো যাত্রী পরিবহন করবে মিতালী এক্সপ্রেস।
রোববার (২৯ মে) সকালে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে শুরু করা মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন করেন রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। জানা যায়, মাত্র ১৭০ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে মৈত্রী। অন্যদিকে কোলকাতা থেকে মাত্র ১৮ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা দিয়েছে বন্ধন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এখন যাত্রীদের তেমন সারা না পাওয়া গেলেও শিগগিরই আগের মতো জনপ্রিয় হয়ে উঠবে।
করোনাভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা- কোলকাতা, খুলনা- কোলকাতা রুটে চলাচল করা ট্রেন মৈত্রী ও বন্ধন। যা রোববার (২৯ মে) চালু হলো । আর ২০২১ সালে উদ্বোধন হয়ে থাকা ঢাকা- নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করা ট্রেন মিতালী প্রথমবারের মত ১ জুন থেকে যাত্রী পরিবহন শুরু করবে। এসকল ট্রেন চলাচলের জন্য সোমবার (২৩ মে) সংশ্লিষ্টদের নির্দেশ দেয় বাংলাদেশ রেলওয়ে। এর আগে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে পাঠানো চিঠির পরে গত ২২ মে ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেস চলাচল শুরু করার জন্য রেলওয়ের নির্দেশনায় বলা হয়, আগামী ২৯ মে থেকে আন্ত: দেশীয় মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস পূর্ব নির্ধারিত সময় সূচী ও রুট অনুযায়ী চলাচল শুরু করেছে। তবে ভাড়া আর আগের মতো থাকছেনা। ডলারের দাম বৃদ্ধিতে এ সকল ট্রেনের যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। মৈত্রী এক্সপ্রেসে ঢাকা- কোলকাতা এসি কেবিনের ভাড়া প্রতি সিট ভ্রমন কর ৫০০ টাকাসহ ৩৫০৫ টাকা আগে থেকে নির্ধারন করা থাকলেও এবার ১০০ টাকা বাড়িয়ে তা করা হয়েছে ৩৬০৫ টাকা, আর এসি চেয়ার ভ্রমন করসহ ২৫০৫ টাকার পরিবর্তে দিতে হবে ২৫৭০ টাকা। এছাড়া ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য ৫০ শতাংশ ছাড় প্রযোজ্য হবে। তবে তা নির্ধারিত হবে পাসপোর্ট অনুযায়ী। ঢাকা- কোলকাতা পথে সম্পূর্ন শীততাপ নিয়ন্ত্রিত মৈত্রী ঢাকা থেকে সপ্তাহে পাঁচ দিন ছেড়ে যাবে।
আর এদিনই বন্ধন এক্সপ্রেস কোলকাতা থেকে সকালে খুলনার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়েছে। সেখানে খুলনা- কোলকাতার ভাড়া এসি সিট ২৫৫২ টাকা, এসি চেয়ার ১৫৩৫ টাকা। তবে পাঁচ বছরের নিচে সকল শিশুদের ভাড়া ৫০% শতাংশ কমে নির্ধারন হবে। এটি প্রথম দিকে বাংলাদেশের খুলনা থেকে প্রতি বৃহস্পতিবার ছেড়ে যেতো এবং দুপুরে কোলকাতা যাত্রা শুরু করে বন্ধন। এরপর পেট্রাপোল, যশোরের বেনাপোল হয়ে যশোর হয়ে খুলনা পৌঁছায়। এছাড়া এই ট্রেনে এক্সিকিউটিভ চেয়ার ও এসি চেয়ারের ব্যবস্থা রয়েছে।
নিয়ম অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক যাত্রী অনধিক সর্বোচ্চ দুইটি লাগেজে ৩৫ কেজি আর অপ্রাপ্ত বয়স্ক ৫ বছর বয়সী যাত্রী সর্বোচ্চ ২০ কেজি মালামাল বিনা মাশুলে নিজে বহন করতে পারবে। প্রাপ্ত বয়স্ক যাত্রীর ক্ষেত্রে ৩৫ কেজির ওপরে ৫০ কেজি হলে ২ মার্কিন ডলার মাশুল দিতে হবে। আর এর থেকে বেশী হলে অতিরিক্ত ওজনের জন্য ১০ ডলার অতিরিক্ত মাশুল দিতে হবে। আর অপ্রাপ্ত বয়সীদের ক্ষেত্রে ২০ কেজির বেশী ৩৫ কেজি হলে ২ মার্কিন ডলার মাশুল দিতে হবে আর তার বেশি হলে দিতে হবে অতিরিক্ত ১০ ডলার।
দীর্ঘ দিন বাদে বাংলাদেশ- ভারতের মধ্যে ট্রেন চলাচল শুরু হলেও দুই দেশের কোনো অংশে তেমন আনুষ্ঠানিকতা নেই। তবে ১ জুন মিতালী এক্সপ্রেস যাত্রী পরিবহন উপলক্ষ্যে নানা আয়োজন রাখা হয়েছে। আর সে উদ্দেশ্যে বর্তমানে দিল্লি সফরে রয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সূজন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে যাত্রা শুরু করে " মৈত্রী এক্সপ্রেস"। ওই যাত্রার উদ্বোধন করেছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। দীর্ঘ ৪৩ বছর পর দুই দেশের মধ্যে এ ট্রেন যাত্রার সূচনা হয়েছিলো। ২০১৭ সালের ১৬ নভেম্বর খুলনা-কোলকাতা পথে “বন্ধন এক্সপ্রেস” চলাচলের সূচনা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কোলকাতার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে একদিন করে চালু হলেও পরে বাড়ানো হয় উভয় ট্রেনের ট্রিপ।
বাংলাদেশ- ভারতের বন্ধুত্বের প্রতীক হিসেবে দুই দেশের মধ্যে চালু করা তৃতীয় ট্রেন "মিতালী এক্সপ্রেস"। ঢাকা- জলপাইগুড়ি পথে চলাচলের উদ্দেশ্যে ২০২১ সালের ২৭ মার্চ এই ট্রেন সার্ভিস চালু করা হয়। এটি ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে ভারতের শিলিগুড়ির নিউ জলপাইগুড়িতে গিয়ে থামবে। মিতালী উদ্বোধনের পর এবারই যাত্রী পরিবহন করতে যাচ্ছে।
আনন্দবাজার/শহক









