- সেতুর সংযোগ সড়কের কাজ বন্ধ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মধুখালী শাখা নদীতে নির্মাণাধীন গার্ডার ব্রিজের মূল কাজ শেষ হলেও এখন সংযোগ সড়কের কাজ বন্ধ রয়েছে। ২০২১ সালের অধিকাংশ সময় এ ব্রিজের কাজ বন্ধ ছিল। ব্রিজটির কার্যাদেশ দেয়া হয় ২০১৯ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। এরই মধ্যে দুই দফা সময় বৃদ্ধি করা হয়েছে। এটির কাজ ২১ সালের ডিসেম্বরে শেষ হওয়ার নির্দেশনা ছিল।
তবে এখন কবে নাগাদ এটির কাজ শেষ হবে তা কলাপাড়ার স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্টও নিশ্চিত করে জানাতে পারেননি। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় ৪৫ মিটার দীর্ঘ এ ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় মিঠাগঞ্জের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পূর্বমধুখালী আর পশ্চিম মধুখালীসহ আশপাশের ১০ গ্রামের মানুষের ভোগান্তির যেন শেষ নেই। স্কুলগামী শত শত শিশুরা ঝুঁকি নিয়ে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে এ পথে।
সবচেয়ে বেশি বিপদে পড়েছে শিশু ও বয়োবৃদ্ধ মানুষ। কাঠের পাটাতনের ওই সাঁকোটিও ভেঙ্গে বড় ধরণের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। ওখানকার যোগাযোগের আয়রণ ব্রিজটি ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এরপরে অস্থায়ী ভিত্তিতে কাঠের পাটাতনের একটি নড়বড়ে সেতু দিয়ে হেঁেট চলাচল করছে মানুষ। তাও এখন জীর্ণদশায়, ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
যানবাহন চলাচল বন্ধ দুই বছর। ব্রিজের মূল কাজ শেষ হয়েছে। পশ্চিম পাশের সংযোগ সড়কের জন্য বালু ফেলা হয়েছে। তবে পূর্ব পাশে বালু ফেলার কাজ শুরু হয়নি। এলজিইডি কলাপাড়ার উপজেলা প্রকৌশলী মো. মহর আলী জানান, লার্জ ব্রিজ কনস্ট্রাকশন (এলভিসি) প্রকল্পের আওতায় এ ব্রিজটির কাজ ঢিমেতালে চলছে। গার্ডার বসানো হয়েছে। স্লাপও বসানো হয়েছে। এপ্রোচ এখন বাকি আছে। ঠিকাদারকে কয়েক দফা চিঠি দিয়েছেন বলেও জানান এ প্রকৌশলী। এখন কবে নাগাদ এ কাজটি প্রকৃত অর্থে সম্পন্ন হবে তা এ দপ্তরও নিশ্চিত করতে পারেনি।









