চাল-ডাল-গ্যাস ও বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণের দাবি জানান। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য লাগামহীন ঊর্দ্ধগতির প্রতিবাদে এবং টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে সর্বত্র পণ্য সরবরাহের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী শহর ও সদর উপজেলা বিএনপি। বিকেলে নরসিংদী শহরের চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
চাল-ডাল-গ্যাস বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। দুপুরে মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থিত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মির্জাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হযরত আলী মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ ( মির্জাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতির ফলে মানুষের ভিতর এ সরকারের প্রতি চরম নাভিশ্বাস তারই লক্ষণ।
ফরিদগঞ্জ প্রতিনিধি
তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি। সকালে ফরিদগঞ্জ পৌরসভার কালিরবাজার রাস্তার মাথায় সিরাজ সুপার মার্কটের উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহামেদ মানিক। সমাবেশে বক্তারা বলেন, এ মূহুর্তে আমাদের দাবি একটাই, তাহলো আকাশচুম্বী দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এ সরকার দিনদিন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে নিয়ে যাচ্ছে। সরকারের কোনো মাথা ব্যথা নেই। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ভিপি মজিবুর রহমান দুলালর সঞ্চালনা করেন।
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দর বৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। উপজেলা বিএনপি সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ও মনিরুজ্জামান গাড্ডু, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদল সিনিয়র সহ সভাপতি আব্দাল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলাসহ নেতৃবৃন্দ।
নোয়াখালী প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ। এসময় তাদের মিছিলে বাধা দেয় পুলিশ। সকালে বসুরহাট এ এইচ সি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে বাজারের কালামিয়া ম্যানশনের সামনে পৌঁছে তাতে বাঁধা দেয় পুলিশ। পুলিশের বাধার মুখে পড়ে ওইস্থানে বিক্ষোভ সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বিএনপি নেতা বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন’সহ অনেকে।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
শ্রীনগরে বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সকারে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শ্রীনগর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখে কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক আবু কালাম কানন, সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আশরাফ হোসেন প্রমুখ।
জামালপুর প্রতিনিধি
এদিকে জামালপুরে খাদ্যপণ্য, জ্বালানী ও ভোজ্য তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের দয়াময়ী চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলে। সম্মিলিত সামাজিক আন্দোলন, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী আমির উদ্দিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুরের মহা সচিব আরজু মিয়া, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুমন মাহমুদ প্রমুখ। এ সময় বক্তারা সকল নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে চাল, ডাল, জ্বালানী ও ভোজ্য তেল, পেঁয়াজসহ সকল পণ্যের দাম কমানোর দাবী জানান। এছাড়াও মধ্যবিত্তদের জন্য রেশন চালু ও চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবী জানান বক্তারা।









