করোনাভাইরাস মোকাবেলায় চীনের উহান থেকে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার। আজ শনিবার দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের উহান থেকে ডাক্তার ও নার্স আনার পরিকল্পনা করছি। সেখানে যারা আপৎকালীন সময়ে দায়িত্ব পালন করেছেন, অভিজ্ঞ রয়েছেন তাদের এনে আমাদের দেশের ডাক্তার-নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এখন পর্যন্ত আমরা পরিকল্পনা করছি। অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে খুব শীঘ্রই নতুন করে ১০০ নতুন আইসিইউ স্থাপন করা হবে। পালাক্রমে আরো ৪০০ আইসিইউ ইউনিট স্থাপন করা হবে।
করোনা শনাক্তের জন্য আটটি মেশিন কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, আরো নতুন ৭টি মেশিন আনা হয়েছে। খুব তারাতারি দেশের আটটি স্থানে করোনা টেস্ট করা হবে।
আনন্দবাজার/তা.তা









