সারাদেশে বর্ষবরণ উদযাপন
করোনা মহামারির কারণে গেল দুই বছর নববর্ষে তেমন কোনো আয়োজন ছিল না। তবে এবার বাংলা নতুন বছর ১৪২৯ বরণ করতে বৃহস্পতিবার নানা আয়োজনে মেতেছে বাঙালি। ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
কুমিল্লা ব্যুরো : বর্ণিল আয়োজনে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। বিভিন্ন রকমের মুখোশ, ঢোল, বাঁশি, ভুভুজেলাসহ হরেক রকমের বাদ্যযাত্র নিয়ে বিভিন্ন শ্রেণি পেশার লোক শোভাযাত্রায় অংশ নেয়।
খুলনা ব্যুরো : সকালে খুলনা নগরীর শহিদ হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা বের হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এসময় জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মাহাবুব হাসান উপস্থিত ছিলেন।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। সকালে শহরের বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন।
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। নববর্ষকে বরণ করে নিতে প্রভাতি সংগীত অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো লাঠিখেলা, হাড়িভাঙ্গা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। বর্ষবরণ উদযাপন পর্ষদ, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গল শোযাত্রাটি সুলতান মঞ্চ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পাশাপাশি পৃথক কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমিতেও পালিত হয়। এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। সকালে নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী শিল্পকলা একডেমি প্রাঙ্গণের পলাশ তলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। লোকজ সংস্কৃতিকে ধারণ করে এবারের মঙ্গল শোভাযাত্রা সাজানো হয়েছে টেপা পুতুল, মাছ, ঘোড়া ও পাখির প্রতিকৃতি দিয়ে। এর বাইরেও শোভাযাত্রায় অংশ নেয়া হাজারো মানুষের হাতে ছিল বিভিন্ন রকমের পুতুল, মুখোশ ও বিভিন্ন রকমের রঙিন প্লেকার্ড। শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তায় ছিল জেলা পুলিশ, র্যাব, আনসার, স্কাউট, বিএনসিসি সদস্যসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
পিরোজপুর প্রতিনিধি : সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে পিরোজপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা রং-বেরংয়ের বাঙালি ঐতিহ্য পালকী, বর-বধু, জেলে, কৃষাণ-কৃষাণী, বহুরুপি সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। মেলায় গ্রামবাংলার ঐতিহ্য সমৃদ্ধ বিভিন্ন ষ্টল সাজানো হয়েছে। রয়েছে নাগরদোলা, নৌকাদোলাসহ বিভিন্ন রাইডস।
হিলি প্রতিনিধি : হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুপুরে সীমান্তের ২৮৫ এর ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় দুই বাহিনীর মাঝে নববর্ষের শুভেচ্ছা বিনিময় হয়। বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমান জানান, ভারতের বিএসএফ ১৮০ ব্যাটালিয়নের হিলি চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার বাল কিশান এর হাতে মিষ্টি তুলে দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় সেখানে দুই বাহিনীর সৈনিকেরা উপস্থিত ছিলেন।
ডিমলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা ও লালমনিরহাট হাতিবান্ধা উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর ডালিয়া ব্যারাজে নববর্ষ উদযাপন করতে দর্শনার্থীদের ঢল নেমেছে। ছোট বড়, শিশু কিশোর, তরুণ-তরুণী এমনকি বৃদ্ধদেরও মিলনমেলায় পরিণত হয়েছে তিস্তা পাড়। তিস্তার বুকে দ্রুত বেগে এক পাশ থেকে আরেক পাশে ছুটে চলছে স্পিডবোট বা শ্যালো ইঞ্জিনচালিত নৌকা। হৈ-হুল্লোড়ে মেতে উঠছেন সবাই। সকালের দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তিস্তা ব্যারাজে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। বিভিন্ন যানবাহনে ছুটে আসছেন তারা।
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মিয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম মনি উপস্থিত ছিলেন।









