নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কাজীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ১৩টি দোকানের নগদ অর্থ ও মূল্যবান মালামাল পুড়ে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে কাজীরহাট দক্ষিণ বাজার এম এ হাসেম কলেজ সংলগ্ন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে কুতুবপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় কাজ শেষে বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যে যার বাড়িতে চলে যান ব্যবসায়ীরা। শুক্রবার ভোর ৪টার দিকে কাজীরহাট সড়ক দিয়ে যাওয়ার সময় মহিনের দোকানে আগুন জ্বলতে দেখেন একজন সিএনজি চালক। পরে সিএনজি চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিক চৌমুহনী ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। মহিনের দোকানে গ্যাসের সিলিন্ডার ও অকটেন থাকা আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই ভয়াবহ আগুনে ভস্মিভূত হয় ফার্ণিচার, চা দোকান, কসমেটিকস, হাডওয়ার, ফার্মেসি, মুদিসহ ১৩টি দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল। ক্ষতিগ্রস্থদের সাথে কথা বললে আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের একটি তালিকা করা হয়েছে। সরকারি সহযোগিতা দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে তালিকাটি জমা দেওয়া হবে। চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার শাহ এমরান বলেন, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক সটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে ১৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।









