সাভারে এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী পোশাককর্মী। কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা ঐ নারীর মৃত্যু ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার চালক। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বুধবার দুপুর ১২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
নওগাঁর পত্নীতলা উপজেলার বাসিন্দা ছিলেন নিহত মরিয়ম (৩৫)। সাভারের উলাইল এলাকার আল-মুসলিম গ্রুপের একেএম নিটওয়্যার পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।
নিহতের সহকর্মী প্রত্যক্ষদর্শী আকলিমা আক্তার বলেন, আজ আমাদের কারখানায় বেতন দেয়ার কথা ছিল। তাই আমরা কারখানায় যাচ্ছিলাম। মরিয়ম অটোরিকশায় করে কারখানায় যাচ্ছিল। গেন্ডা বাসস্ট্যান্ডে পৌঁছলে ট্রাফিক পুলিশ তার অটোরিকশাকে থামার সংকেত দেন। এ সময় তাকে বহনকারী অটোরিকশা ডানে মোড় নিয়ে সাভার উপজেলার দিকে ঢুকতে চেষ্টা করে। তখন সাভারগামী একটি কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন।
সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কাভার্ডভ্যান দ্রুতগতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মরিয়ম নিহত হন। কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস









