করোনার কারণে যুক্তরাজ্যে আটকে পড়া ১৩০ জন শিক্ষার্থী আগমীকাল সোমবার দেশে ফিরবে বলে জানিয়েছে বাংলাদেশর হাইকমিশন।
ইউএনবির সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি ৪০৪১ লন্ডন থেকে ঢাকার উদ্দেশে ছাড়া হবে। সোমবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই বিশেষ বিমানটি অবতরণ করবে।
পূর্বে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করা হয়।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডন হিথ্রো বিমানবন্দরে (টার্মিনাল ২) এসব আটকে পড়া শিক্ষার্থীর সাথে দেখা করতে পারেন।
হাইকমিশনার তাসনিম জানান, এ বিমানটি পরিচালনার উদ্যোগ নেয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, ২০০ জনেরও বেশি শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে বুকিং দিলেও দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভয়ে অনেকেই শেষ সময়ে গিয়ে তাদের বুকিং বাতিল করেছে।
তবে যাত্রীদের স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জারি করা স্বাস্থ্য ছাড়পত্রে হাইকমিশনার তাসনিম সব শিক্ষার্থীকে আশ্বস্ত করেছেন যে তাদের কেবল হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।
আনন্দবাজার/তা.তা









