প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
গতকাল শুক্রবার প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার শুরুতে ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শন কেন্দ্র থেকে বেরিয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রশ্ন ফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব জানিয়ে জাকির হোসেন, সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। এক প্রশ্নের জাবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
দেশের ২২ জেলায় প্রথম ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৪ জেলার সবকটি উপজেলায় এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। ৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসাবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।









