কক্সবাজারের চকরিয়ায় ভেজা কাপড় তারে শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড পরিষদ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহারা ওই এলাকার মো. আসিফের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
স্থানীয়রা জানান, আগে থেকে ঘরের চালার সঙ্গে বাধা তার বিদ্যুতায়িত ছিল। সকালে বাড়ির উঠানে ওই তারে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন শাহারা। এসময় পরিবারের লোকজন উদ্ধার করে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানে মারা যায় সে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ভেজা কাপড় তারে শুকাতে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূ মারা যাওয়ার খবর জেনেছি। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।









