ঝিনাইদহের কালীগঞ্জে ৫ শত বছরের পুরাতন বিশাল তেতুলগাছ বাঁচাতে মানববন্ধন করেছে স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন। শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত তেতুলগাছ তলায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশগ্রহন করে।
মানববন্ধনের আয়োজন করে বালিয়াডাঙ্গা ছাত্র যুবসমাজ ও ঐতিহ্যবাহি সম্পদ রক্ষাকারী কমিটি, স্বপ্ন ছোঁয়া স্বেচ্ছাসেবী সংগঠন এবং বালিয়াডাঙ্গা গ্রামবাসি।
মানববন্ধনের আগে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তিনি বলেন, স্থানীয়রা না চাইলে গাছ বাঁচিয়ে হাট চান্দির কাজ করা হবে বলে মত দেন। সম্প্রতি স্থানীয় একটি চক্র ঐতিহ্যবাহি এ গাছটি কাটতে ষড়যন্ত্র শুরু করে। গাছটি কাটা হচ্ছে ঘটনা জানাজানির পর এলাকার মানুষ ওই গাছ খেকো চক্রের বিরুদ্ধে ফুঁসে উঠেছে।
এছাড়া একই দিন দুপুর ১টার দিকে গ্রীন ভয়েস নামের একটি পরিবেশ রক্ষাকারী সংগঠন তেতুলতলায় মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা পদির্শন করেন।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ জানান, সম্প্রতি আম্পান ঝড়ে বাজারের তেঁতুল গাছটির একটি ছোট ডালও ভেঙ্গে পড়েনি। গাছের কোন শুকনো ডালও নেই। এই গাছের ডাল ভেঙ্গে পড়ে কোন ব্যক্তির হতাহতের ঘটনাও কখনো ঘটেনি। কিন্তু এরই মাঝে এই গাছটিকে ঝুঁকিপূর্ণ বলে কাঁটার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, বালিয়াডাঙ্গা বাজারের এই তেঁতুল গাছটি আমাদের ঐতিহ্য। বাজারের সবকিছু এই গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
উল্লেখ্য, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের মাঝখানে ৫শ বছরের পুরাতন এই গাছটি মাথা উচু করে দাড়িয়ে রয়েছে। এই গাছের ছায়ায় প্রতিবছর বৈশাখী মেলা বসে। গরমের দিনে গাছটির সুশীতল ছায়াতলে বসে পথিকসহ এলাকার পরিশ্রান্ত মানুষ নিজেদের শরীর শীতল করে নেন। প্রতি বছর এই গাছে প্রচুর তেঁতুল উৎপাদন হয়। যার বিক্রিত অর্থ বাজারের একমাত্র মসজিদের উন্নয়ন কাজে জমা হয়। মৌসুমে পাকা তেঁতুল কুড়িয়ে রসনা তৃপ্ত করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। এছাড়া এই বিশাল গাছটি এতদাঞ্চলের বিভিন্ন প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। গাছটির অবস্থান শ্রীবৃদ্ধি করে দাঁড়িয়ে থাকা কালের সাক্ষী পরম ভালোবাসার এই মহীরুহকে কাটতে এলাকার কিছু লোক উঠেপড়ে লেগেছে।
আনন্দবাজার/শহক/বুর









