১১ দিনের টানা ভোগান্তির পর টঙ্গী সেতুর ওপর শুরু হলো যান চলাচল। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সেতুটির ভেঙ্গে যাওয়া অংশের সংস্কারকাজ শেষে রোববার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় যান চলাচলের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ। এর আগে গত ১০ নভেম্বর রাতে ব্রিজের স্ল্যাব ভেঙে গেলে সেতুর ওপর দিয়ে বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির বলেন, বিআরটিএ কর্তৃপক্ষ সেতুটিতে যান চলাচলের উপযোগী বলে জানানোর পর পথচারী ও যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ৯ নভেম্বর দিবাগত রাতে তুরাগ নদীর ওপর টঙ্গী সেতুর পুরোনো স্ল্যাব ড্যামেজ থাকায় তার কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে বের হওয়া যানবাহনগুলো আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা।
টঙ্গী স্টেশনরোড থেকে ঢাকা অভিমুখী লেনে বাঁশ ও অন্য উপকরণ ফেলে বন্ধ করে দেওয়া হয়। টঙ্গী স্টেশনরোড হয়ে ইউটার্ন নিয়ে বিকল্প পথে রাজধানীতে ঢুকেছে যানবাহনগুলো।
আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে পদত্যাগের হুমকি বিএনপির এমপিদের
পরে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করে তা সংস্কারের জন্য ১২ দিন সময় নেন। সে অনুযায়ী ২১ নভেম্বর সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী আজ থেকে যান চলাচল শুরু হলো।
আনন্দবাজার/শহক








