রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ
ফরিদপুরের সালথা উপজেলায় ফসলি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আজলপুঁটি ও নোওয়াপাড়া গ্রামে এ ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় ৮ থেকে ১০টি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এর আগে একই ঘটনায় গত বুধবার দুপুরে স্থানীয় কামাল হোসেন ও মো. গিয়াসউদ্দিনের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এবিষয়ে গিয়াসউদ্দিন বলেন, স্থানীয় কামাল হোসেনের লোকজন গত বৃহস্পতিবার ও আজ শুক্রবার সকালে আমাদের লোকজনের বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গিয়াস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিবেশ শান্ত হয় ; আবার পুলিশ চলে গেলে কামালের লোকজন বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এ ব্যাপারে বক্তব্য জানতে কামাল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। আপাতত ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে।









