নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা সড়কের দেড় কিলোমিটার জুড়ে রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। সেই গাছের নিচে দুই পাশে বসবে তালের বাহারি পিঠার দোকান। তাল পিঠা উৎসবে বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংগঠন ও ব্যক্তি নানা পদের তালের পিঠা নিয়ে মেলায় অংশ নেবে বলে জানা যায়।
দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে ওঠে উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। রাতে চলে সংস্কৃতি অনুষ্ঠান, এতে যোগ দেয় জেলা উপজেলা পর্যায়ের সংগীত শিল্পীরা। দূর-দূরান্ত থেকে আসে নানা বয়সী মানুষ। নানা পদের পিঠা খাওয়ার পাশাপাশি প্রিয়জনদের জন্যও নিয়ে যান তারা। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার তালতলী সড়কের মনোরম সৌন্দর্য পর্যটকদের জানাতে পিঠা উৎসবটির আয়োজন করবে উপজেলা পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। স্থানীয় বাসিন্দা ইমন বলেন, তাল দিয়ে এতগুলো পিঠা তৈরি হয় আমরা আগে কখনও দেখিনি। গতবছর মেলায় দেখেছি এবং খেতে অনেক মজা লেগেছে।
গত বছরের ন্যায় এবারও তালতলীতে তাল পিঠার উৎসব হবে। মেলায় আসা একটি পিঠার দোকানের মালিকের সাথে কথা হলে তিনি বলেন, আমি জেলার বিভিন্ন স্থানে মেলা বা কোনো উৎসব হলে সেখানে পিঠার স্টল দিয়ে থাকি। আমার স্টলে তালের খির, হৃদয়হরণ, পাকান, তালের ফুলঝড়ি, তালের কেক, তালের মাংস পিঠা, পাখির বাসা পিঠা, তালের বড়া, তালের কফিসহ ১৫ রকমের পিঠার পসরা সাজাবো। গত বছরের মতো এবারও কেনা-বেচা ভালোই হবে বলে জানান তিনি। উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, বাংলাদেশের সংস্কৃতির অন্যতম উপাদান গ্রাম বাংলার পিঠাপুলি। গ্রামীণ সংস্কৃতিই হচ্ছে আমাদের সংস্কৃতির প্রধান জায়গা। আর গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ তাল পিঠা। খাদ্যমন্ত্রীর আহবায়নে গত বছরের ন্যায় এবারও ২৪ সেপ্টেম্বর তালতলীে সড়কে পিঠা উৎসব আয়োজন করা হবে।









