শিক্ষার্থীদের বইমূখী করতে সৃজনশীল জ্ঞানগ্রন্থ প্রকাশনা সংস্থা রংপুরের আইডিয়া প্রকাশন এর উদ্যোগে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারের জন্য দুই লাখ টাকার বই বিতরণ করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারের জন্য ১০০ কপি করে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বই প্রদান করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, কবি ও অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদ, ফিরেদেখা’র সভাপতি এমাদউদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক ড. শাহ সুলতান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বই গ্রহণ করেন গজঘণ্টা হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক মামুন উর রশীদ, সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মী শারমিন, ফারাবি প্রি ক্যাডেট স্কুল, মিঠাপুকুরের শিক্ষক ফরিদ উদ্দিন, তালুক হাবু দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কমলাকান্ত বর্মন প্রমুখ।
এ প্রসঙ্গে আইডিয়া প্রকাশনের প্রকাশক সাকিল মাসুদ জানান, রবিবার ছিল তার জন্মদিন। ইচ্ছে ছিল একটা ভালো কাজ করার। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের বইপাঠে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে বিনামূল্যে বই প্রদান করা হয়। এর আগেও এভাবে বই বিতরণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আগামীতেও শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আনন্দবাজার/এম.আর









