গাইবান্ধার গোবিন্দগঞ্জে হানিফ পরিবহণের সঙ্গে মাছ পরিবহণকারী পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে এক মাছ ব্যবসায়ি নিহত হয়েছে। গতকাল বরিবার উপজেলার কালিতলা গুপিনাথপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়াকে যাত্রীবাহী কোচের সঙ্গে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানান, রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহণ (ঢাকা মেট্রো- ব-১৪-৫৯৮২) কোচের সঙ্গে রংপুরমুখী একটি মাছ পরিবহনকারী পিকআপের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের এক পাশের্^র ডালা খুলে ২ মাছ ব্যবসায়ী ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নিরব মিয়া (৩০) নামের এক জন ঘটনাস্থলেই মারা যান এবং দুলাল মিয়া গুরুতর আহত হন।
স্থানীয়রা দুলাল মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুন্নবী প্রধান জানান, পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও কোচটিকে আটক করা হয়েছে।









