বাগেরহাটের চিতলমারী উপজেলার বলেশ্বর নদীর চরে উর্বর ভূমিতে চাষ হচ্ছে নানাবিধ ফসল। বলেশ্বর নদীর পাড়ে প্রতিবছর ধান, পাটসহ বিভিন্ন ধরনের ফসলের পাশাপাশি চলতি মৌসুমে আখচাষে ঝুঁকছেন উপজেলার চরডাকাতিয়া গ্রামের প্রান্তিক চাষিরা। ভালো ফলনে ভাগ্যবদলের প্রত্যাশা চাষিদের।
সরেজমিনে জানা যায়, বলেশ্বর নদীর চরে জেগে ওঠা জমিতে চলতি বছর আখের আবাদ শুরু করেছে এখানকার বেশিরভাগ চাষি। আখক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
আখচাষি যতীশ হীরা জানান, তিনি ১৭ শতাংশ জমিতে আখ চাষ শুরু করেন। মাটির উর্বরতা ভালো থাকায় আখের ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরূপ ফলনের আশা করছেন এ চাষি।
এছাড়া এ বছর জিতেন ডাকই ৩৩ শতক, রনজিত হীরা ১৭ শতকসহ এ এলাকার অসংখ্য চাষি আখের চাষ করেছেন। চাষি মিলন হীরা ও কিরণ মন্ডল জানান, ধান, পাট ও সবজি অপেক্ষা আখ চাষ অনেক লাভজনক। অতিরিক্ত কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, আখ একটি লাভজনক ফসল। চলতি বছর চরডাকাতিয়া এলাকায় আখ চাষ হয়েছে। আখ চাষের উপযোগী মাটি ও আবহাওয়া অনুকূলে থাকার কারণেআখের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হলে প্রতি হেক্টরে ৭ থেকে ৮ লাখ টাকার আখ বিক্রি করা সম্ভব।









