টাঙ্গাইলের ঘাটাইলে ধানকাটার সময় শ্রমিক লক্ষ্য করে গুলি করার ঘটনায় একজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিক শাহজাহান ভুট্টুকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নে শেখ শিমুল জোতনশর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার জোতনশর গ্রামের হাসান আলী তার বন্ধু মৃত আব্দুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি ক্রয় করেন। তবে দলিলমূলে জমি ক্রয় না করায় জমির মালিক থেকে যান আব্দুল কাদেরের ভাই ইঞ্জিনিয়ার সোহরাব। এতে হাসান আলী মারা গেলে ওই জমি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিল স্ত্রী মাজেদা খাতুন। পরে ওই জমিতে রোপন করা ধান ৮জন শ্রমিক নিয়ে কাটতে যায় মাজেদা। পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব তার ব্যবহৃত একনালা বন্দুক (এসবিবিএল) দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে গুলি করে। এতে ধান কাটতে থাকা ভুট্ট নামের এক শ্রমিক আহত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবসর প্রাপ্ত ইঞ্জিনিয়ার সোহরাব জোতনশর গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে।
জমির মালিক দাবি করা মাজেদা খাতুন জানান, সোহরাবের ভাইয়ের কাছ থেকে প্রায় ৪০ বছর আগে জমি ক্রয় করে চাষাবাদ করে আসছিলাম। তবে জমি ক্রয় করলেও দলিল হয়নি। তবে যার কাছ থেকে জমি ক্রয় করেছি তিনি মারা যাওয়ায় তার ভাই জমি দলিল করে দিচ্ছে না। জমিতে রোপনকৃত ধান কাটতে ৮জন শ্রমিককে চুক্তি দিয়েছিলাম। তবে সোহরাব বন্দুক দিয়ে শ্রমিকদের গুলি করে। তিনবার গুলির শব্দ পাই।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জোতনশর এলাকায় রাতে জমি দাবি করা মাজেদা শ্রমিক নিয়ে ধান কাটতেছিল জমিতে। পরে খবর পেয়ে ইঞ্জিনিয়ার সোহরাব ঘটনাস্থলে গিয়ে ধান কাটতে নিষেধ করেন। একপর্যায়ে তার ব্যবহৃত বন্দুক দিয়ে গুলি চালায়। এতে একজন শ্রমিক আহত হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি।









