মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সরদারকান্দী গ্রামে পদ্মা নদীর অব্যাহত ভাঙনে শতাধিক পরিবার ভিটে বাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।
জানা যায়, ভাঙন আতংকে রয়েছে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলা বাজার ইউনিয়রের ৩টি গ্রামের মানুষ। পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসত বাড়ি, শতশত একর ফসলি জমিসহ কয়েক কিলোমিটার গ্রাম।
গত তিন বছর ধরে ভাঙনে বিলীন হয়ে গেছে বাংলাবাজার ইউনিয়নের ৩টি গ্রামের শতশত ঘর বাড়ি। আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের সকল বাসিন্দাদের। ভাঙনে তীব্র আকার ধারণ করায় হুমকিতে রয়েছে বাংলা বাজার ইউনিয়নের সরদারকান্দী, সন্ভু হালদার কান্দী, পূর্ব মহিশ পুর তিনটি গ্রামের প্রায়ই দুই শতাধিক পরিবার ।
স্থানীয় বাসিন্দারা জানায়, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রতি বছর বর্ষা শুরু হলে পদ্মা নদীর ভয়াল থাবায় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইউনিয়নের ঘড়বাড়ি ও ফসলিজমি।
এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোরহাফ পীর বলেন, আমাদের ইউনিয়নে প্রতিবছর পদ্মা নদীর ভাঙন শুরু হয়। আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে এবং নিজ অর্থায়নে যতটুকু সম্ভব খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করি। তবে, সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা এখন পযর্ন্ত পাইনি। এমনকি সরকারি পানি উন্নয়ন বোর্ডের কাছে গিয়েও কোনো ধরনের সহযোগিতা পাইনি। তবে পানি উন্নয়নবোর্ড সহযোগিতার আশ^াস দিয়েছে। এখন কিছু করা সম্ভব নয়, পানি কমলে কাজ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা। তিনি আরও বলেন, এ ভাঙন চলতে থাকলে বাংলাবাজার ইউনিয়নের মানচিত্র থেকে হয়তো একদিন ইউনিয়ন হারিয়ে যাবে। দ্রুত ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সাংসদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।









