- বাউফলে মাইসাবাড়িতে বেহাল সেতুর সংস্কার জরুরি
পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাজার স’মিল সংলগ্ন বেহাল সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। বাউফলের প্রকৌশল অধিদপ্তর দুই দশক আগে কালিশুরী ও কনকদিয়া দুই ইউনিয়নের সীমান্তবর্তী মাইসাবাড়ির খালের উপর সেতুটি নির্মাণ করে।
সরজমিনে দেখা যায়, সেতুটি বর্তমানে নড়বড়ে অবস্থায় রয়েছে। সেতুর মাঝখানে দুই স্থানের ঢালাই পড়ে গিয়ে রড বের হয়ে ফাঁকা হয়ে গেছে। চলাচলের জন্য স্থানীয়রা কাঠের টুকরো দিয়ে ওই ফাঁকা স্থান আটকে দিয়েছে। এমনকি সেতুর পাশের রেলিংও ভেঙে গেছে।
স্থানীয় সমাজকর্মী আব্বাস উদ্দীন বলেন, দীর্ঘ বছর ধরে সেতুটি বেহাল অবস্থা। স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। সেতুটি মেরামত করা জরুরি। সেতুটি কালিশুরী ডিগ্রি কলেজ, ছিটকা মহসিন মাধ্যমিক বিদ্যালয়, ছিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, আনারকলি মাধ্যমিক বিদ্যালয়সহ দুই ইউনিয়নের শিক্ষার্থী ও জনসাধারণের যাতায়াতের গুরুত্বপূর্ণ।
কালিশুরী ইউপির ৭ওয়ার্ডের ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, সেতুটির রড বের হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে কয়েকবার মেরামত করা হয়েছিল। তবে, ভারি যানবাহন চলাচলের কারণে ঢালাই ধসে পড়ে যায়। বিষয়টি কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছারউদ্দিন সিকদার জামাল অবগত আছেন।
বাউফলের স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের প্রকৌশলী সুলতান আহম্মেদ আনন্দবাজারকে বলেন, সেতুটির জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হয়েছিল। বরাদ্দ এসেছে। খুব শিগগিরই কাজ শুরু করা হবে।









