করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নির্মাণকাজ বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের নির্মাণ খাতে। পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র এপ্রিল-জুন মাসে বাংলাদেশের নির্মাণ খাতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২৭৯ কোটি ডলার। মূলত নির্মাণ খাতে কর্মসংস্থান, মজুরি, বিনিয়োগ হ্রাসের ফলেই এতটা ক্ষতির সম্মুখীন হচ্ছে বাংলাদেশ।
গত ২৬ মার্চ থেকে দেশে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে, যার মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে। এ সময়ে নির্মাণখাতের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ফলে দক্ষ ও অদক্ষ মিলিয়ে কাজে যোগ দিতে পারেননি প্রায় ৩৪ লাখ কর্মী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ড্রাস্ট্রির (বিএসিআই) এর হিসাব অনুযায়ী, নির্মাণ খাতের স্থবিরতার কারণে লাখ লাখ কর্মী চাকরি ও মজুরি হারানোয় আর্থিক ক্ষতি ৮০ কোটি ডলার, সরকারের ভ্যাট, কর ও শুল্ক খাতে ক্ষতির পরিমাণ ১১৫ কোটি ডলার, আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতি ৫০ কোটি ডলার এবং বিনিয়োগ খাতে ক্ষতি প্রায় ৩৪ কোটি ডলার।
সব মিলিয়ে এ ক্ষতির পরিমাণ ২৭৯ কোটি ডলার বা সরকারের বার্ষিক উন্নয়ন বাজেটের প্রায় ১৩ দশমিক৫০ শতাংশ হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
আনন্দবাজার/তা.তা









