বিস্তীর্ণ আড়িয়াল বিলে হলুদের সমারোহ জৌলুস ছড়াচ্ছে। এসব সরিষার জমি থেকে মৌ-মৌ ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারদিকে। পৌষের শীতে জমিগুলো যেন ঢাকা পড়েছে হলুদ রংয়ের চাদরে। ফুলে ফুলে মৌমাছির দল মধু আহরণে ছোটাছুটি করছে। অনেকেই হলুদের এমন নজরকাড়া সৌন্দর্য উপভোগ করতে সরিষার জমির চারপাশে ঘুরে বেড়াচ্ছেন খাননিকটা। মোবাইল ফোনের ক্যামেরায় ছবি ও সেলফি তুলছেন তারা। আড়িয়াল বিল এলাকা ঘুরে বেশ কিছু জমিতে মনমুগ্ধকর হলুদের সমারোহ দেখতে পাওয়া যায়।
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া, আলমপুর, বাড়ৈখালী, মদনখালী ও শ্রীধরপুরে আড়িয়াল বিল এলাকার লোকালয়ের কাছাকাছি অনেক জমিতে বিভিন্ন জাতের সরিষার চাষ করা হয়েছে। প্রায় জমিতেই সরিষা ফুল যেন হলুদের স্বপ্নপুরী রাজ্যে পরিণত হয়েছে।
জানা যায়, দেশি জাতের রাই/চৈতা ও মাগি হাইব্রিড সরিষার আবাদ করা হয়েছে বেশি। ডিসেম্বরের প্রথমদিকে অসময়ে টানাবৃষ্টির কারণে উপজেলার বীরতারা ও আড়িয়াল বিল ও পদ্মা নদীর তীরবর্তী পদ্মার চরে সরিষার আবাদি জমির ব্যাপক ক্ষতি হয়। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে প্রায় ৪০০ হেক্টর সরিষা জমি ক্ষতিগ্রস্ত হয়। এসব জমিতে বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদ করার পরিকল্পনা করছেন স্থানীয় কৃষকরা।









