প্রবাসে বাংলাদেশি কেউ মারা গেলে বিনা ভাড়ায় লাশ দেশে নিয়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার মাধ্যমে প্রবাসীদের এই সেবা আর টাকা ছাড়া দিতে আপত্তি জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। লাশ পরিবহনের ক্ষেত্রে খরচ চেয়ে শিগগিরই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক বলেন, মানবিক বিষয়গুলোতে বিমান সবসময়ই অগ্রাধিকার দেয়। প্রতি বছর শতশত প্রবাসী বাংলাদেশির লাশ বিনা ভাড়ায় পরিবহন করে থাকে বিমান। কিন্তু তাদের তো একটা খরচ আছে। ন্যূনতম খরচটা তো তাদের পেতে হবে।
বিমান ও পর্যটন মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত এক বছরে প্রবাসীদের কত সংখ্যক লাশ পরিবহন করেছে এবং তাতে কত খরচ হয়েছে তার একটি হিসাব দ্রুত মন্ত্রণালয়ে পাঠাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তাদের বলা হয়েছে। একটি লাশ পরিবহন করতে কত খরচ হয় এবং এ সংক্রান্ত কী কী কাগজপত্র তাদের আছে তাও মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। এগুলো পাওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
আনন্দবাজার/জায়েদ









