জামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ মাঠে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে গত ২১ জানুয়ারি গভীর রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের ৫ বছরের শিশু কন্যা জহুরা খাতুন ও আব্দুল বারেকের ১০ বছরের ছেলে শামীম মিয়ার কঙ্কাল চুরি হয়। ঘটনার তিনদিন পর ২৪ জানুয়ারি এলাকাবাসী কঙ্কাল চোর চক্রের সদস্য একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ বাবুকে (২৪) আটক করে পুলিশে দেয়। তবে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এমনকি কঙ্কাল চুরির প্রত্যক্ষদর্শী সাগর আলীর ছেলে মোহাম্মদ আলীকেও (১৪) ৫৪ ধারায় পুলিশ চালান দেয়।
এ ঘটনায় জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও কঙ্কাল দুটি উদ্ধার ও ঘটনার কোনো সূত্র বের করতে পারেনি পুলিশ। উল্টো আসামীর পরিবার মামলার বাদী ও মসজিদ কমিটির লোকদের নানা হুমকি দিচ্ছে। এ সময় বক্তারা কঙ্কাল চুরির কারণ শনাক্তের জন্য আটক চোরদের জিজ্ঞাসাবাদ ও চোর চক্রের সব সদস্যদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সহ-সভাপতি প্রভাষক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক লিটন তালুকদার, সহসাধারণ সম্পাদক রিপন মেলেটারি, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মসজিদের খতিব আব্দুর রহমান প্রমুখ। এতে মসজিদ ও সামাজিক কবরস্থান সংশ্লিষ্ট এলাকায় ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ করে।









