করোনাভাইরাস মহামারীতে সকলের জন্য রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়ে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা প্রগতিশীল ছাত্র জোট।
রবিবার (২৮ জুন) দুপুর ১২টায় প্রগতিশীল ছাত্র জোটের শীর্ষ নেতা ও ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে শহরের পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন জোটের নেতা কর্মীরা। করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ছাড়াও সকলের জন্য সরকারি উদ্যোগে চিকিৎসা নিশ্চিত করা, করোনাভাইরাস মোকাবেলায় আপৎকালীন স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দ করা, মহামারী মোকাবেলায় রাষ্ট্রীয় পরিকল্পনা জনসম্মুখে হাজির করা, প্রতিটি জেলা শহরে ২৫টি ভেন্টিলেটর মেশিন ও আইসিইউ সাপোর্টসহ ৫০০ শয্যার করোনাভাইরাস ইউনিট চালু করা, সকল হাসপাতালে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা এবং অক্সিজেন সিলিন্ডারের ‘সিন্ডিকেট ভেঙে’ দিয়ে বেসরকারি হাসপাতালগুলোকে অধিগ্রহণ করে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয় জোটের পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারন সম্পাদক তাসরিন সুলতানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম, ছাত্র ইউনিয়ন দপ্তর সম্পাদক সামিয়া আক্তার মিমি প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি









