কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) বেলা ১০টা পর্যন্ত ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগার।
জানা গেছে, টানা ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে জেলার উলিপুর উপজেলার ধরলা, তিস্তা এবং ব্রহ্মপূত্র নদীর পানি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এতে নদী বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে রোপা আমন ধান এবং সবজিক্ষেত তলিয়ে গিয়ে চতুর্থ দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দীর্ঘস্থায়ী বন্যার রেশ কাটতে না কাটতেই আবারও বন্যায় ব্যাপক ক্ষতির কবলে পড়েছে এ অঞ্চলের কৃষকরা। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে প্রায় বিপৎসীমা ছুঁইছুঁই করছে। সেই সাথে শুরু হয়েছে তীব্র ভাঙন।
উপজেলা কৃষি অফিস সূত্র হতে জানা গেছে, পানি বেড়ে যাওয়ার কারণে রোপা আমন ক্ষেত ১২০ হেক্টর, নানা জাতের সবজি ২ হেক্টর ও মাসকালাই ১২ হেক্টর পানিতে বিলীন হয়েছে।
এই ব্যাপারে রাজারহাট কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেই সাথে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।









