করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বরিশালে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার করোনা পরবর্তী সময়ে বরিশাল বিমানবন্দর থেকে ঢাকা রুটে বিমান চালুর অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বরিশাল বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার থেকে স্বাস্থ্য অধিদফতরকে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সীমিত পরিসরে বরিশাল-ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েছে।
জানা যায়, আজ রোববার বিকেল ৪ টা ২৫ মিনিটে বরিশাল নভোএয়ারের একটি ফ্লাইট ৩৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারের একটি ফ্লাইট প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসবে। এবং ইউএস-বাংলা বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে বিকেল ৫টা ২৫ মিনিটে।
অন্যদিকে, প্রতিদিন বিকেল ৩টা ১৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৩টা ৫৫ মিনিটে বরিশালে অবতরণ করবে নভোএয়ার। এবং বিকেল ৪টা ২৫ মিনিটে বরিশাল থেকে ছেড়ে ৫টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
এর আগে দেশে করোনার সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশে ২৫ মার্চ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল।
আনন্দবাজার/টি এস পি









