মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার গাদিঘাটে জমে উঠেছে মাছের বাজার। বিখ্যাত আড়িয়াল বিল ঘেঁষা ঐতিহ্যবাহী গাদিঘাট বাজারে সকাল বিকাল বসছে মিঠা পানির মাছের মেলা। কৈ, শিং, নলা, কাতল, রুই, গরমা, কালিবাউশ, গজার, শোল, বোয়াল, খলিসা, পুঁটিসহ ছোট বড় দেশী জাতের অসংখ্য মাছের পসরা সাজিয়ে বসছেন মৎস্যজীবিরা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমে উঠে আল-মক্কা মোড়ল সুপার মার্কেটের মাছের বাজারটি। তুলনামূলক দাম কম হওয়ায় দূরদুরান্ত থেকে মানুষ পছন্দের মাছ কিনতে ভিড় করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দৈনিক সকালে ও বিকালে কয়েক ঘ›ণ্টার ব্যবধানে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার মাছ বিকিকিনি হচ্ছে এখানে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট বাজার সড়কের দক্ষিণ পাশে নবনির্মিত আল-মক্কা মোড়ল সুপার মার্কেটে মাছের আড়তে মানুষের উপচে পড়া ভিড়। জেলেরা বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পসরা সাজিয়ে বসছেন। মাছ কিনতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দরদাম কষাকষি হচ্ছে। এ সময় লক্ষ্য করা যায়, ৬ কেজির অধিক ওজনের ৬টি তাজা গরমার দাম হাকানো হচ্ছে সাড়ে ৩ হাজার টাকা। পরে এক ক্রেতা ৩ হাজার টাকায় মাছগুলো কিনে নেন। ঢাকার বাসিন্দা আব্দুল আলীম নামে ওই ক্রেতা বলেন, ভেজালমুক্ত তাজা পছন্দের গরমা মাছ কিনতে পেরে আমি খুশী। তিনি বলেন, আড়িয়াল বিলে উন্মুক্ত জলাশয়ের তাজা ও ভেজালমুক্ত এসব মাছ সচারাচর পাওয়া দুস্কর। এ ধরনের মাছ শুধু আড়িয়াল বিল পাড় এলাকার স্থানীয় হাটবাজারেই পাওয়া সম্ভব।
স্থানীয়রা জানান, গাদিঘাট বাজারে নির্দিষ্ট কোনো মাছের বাজার ছিলনা। বাজার সংলগ্ন বড় সেতুর ওপরেই মাছ বিকিকিনি হত। শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠুর সহযোগিতায় বাজারের পাশে আল-মক্কা মোড়ল সুপার মার্কেটে মাছ কেনাবেচার জন্য আলাদাভাবে একটি শেড নির্মাণ করা হয়েছে। এতে সু-শৃঙ্খলভাবে অত্র এলাকার মৎস্যজীবিরা এখানে বসে মাছ কেনাবেচা করতে পারছেন।
মৎস্যজীবিরা জানান, এখানে মাছ ক্রয় বিক্রয়ে কোনো খাজনা দিতে হয়না। এখন আড়িয়াল বিলে অথৈই পানি। জেলেরা বির্স্তীণ বিলের গভীর থেকে বিভিন্ন পন্থায় মাছ শিকার করে আনছেন। দূরদুরান্ত থেকে আড়িয়াল বিলে নৌকা ভ্রমণে আসছে অনেক পর্যটক। এখানে আসা পর্যটকদের নজর কারছে গাদিঘাট বাজারের মাছের আড়ৎটি। অনেক পর্যটক এখান থেকে পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।
আল-মক্কা মোড়ল সুপার মার্কেটের (তত্ত্বাবধায়ক) ওয়াহিদুর রহমান জিঠু জানান, গাদিঘাট বাজারে নির্দিষ্ট কোনো মাঠের বাজার ছিলনা। সেতুর ওপরে মাছের বাজার বসতো। এতে পথচারিরা ভোগান্তির শিকার হতেন। জনসাধারণের সুবিধার্থে গাদিঘাট বাজারে আল-মক্কা মোড়ল সুপার মার্কেট নির্মাণ করা হয়েছে। এখানে মাছ বিকিকিনির জন্য একটি শেড করা হয়েছে। আল-মক্কা মোড়ল সুপার মার্কেটটি গত ২২ আগস্ট শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মৎস্যজীবি, জেলে ও ক্রেতারা খুব সহজেই এখানে তাদের পছন্দের মাছ কেনাবেচা করতে পারছেন।









