ব্রয়লার মুরগি ও ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে ফরিদপুরে ফের অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে ব্রয়লার মুরগি ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না দেয়ার অপরাধে ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তউল্লাহ বাজারের ডিম বিক্রেতা মেসার্স রাকিব এন্টারপ্রাইজ, ব্রয়লার মুরগী বিক্রেতা মেসার্স আলী স্টোর ও মেসার্স জেরিন এন্টারপ্রাইজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
জেলা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের ১টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। ফরিদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, 'ফরিদপুরে বয়লার মুরগি ও ডিমের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি রোধে এ অভিযান অব্যাহত থাকবে।'









