মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। দুই আগে লকডাউন করা গ্রামটিকে আজ মঙ্গলবার সকাল উপজেলা প্রশাসন মুক্ত ঘোষণা করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে গ্রামটির সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতে অনুরোধ জানান এই কর্মকর্তা।
এর আগে, গত রবিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সুচিত্রা (৩২) নামে এক নারী জ্বর-সর্দি জনিত রোগে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।
ওই সময় উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে। তবে গতকাল সোমবার রাতে সুচিত্রার রিপোর্ট নেগেটিভ আসলে গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
তবে, ওই পরিবারটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন।
আনন্দবাজার/শহক









