সাতক্ষীরায় এক সেমিনারে বক্তারা বলেছেন, বর্ষা মৌসুমে সাপে কাটার প্রবণতা বেশি থাকে। সাপে কাটার স্থানে যদি ২টি দাঁতের চিহ্ন দেখা যায় তাহলে সেটি বিষাক্ত সাপের আক্রামণ। আর যদি অনেকগুলো দাঁতের দাগ দেখা যায় তাহলে সেটি কম বিষাক্ত বলে গণ্য হবে। তবে সাপে কাটার পর ভয়ে উত্তেজিত না হয়ে দ্রুত সরকারি হাসপাতালে রোগীকে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। এছাড়া আক্রান্ত স্থানে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা, সম্ভব হলে বাঁশের চটা দিয়ে লম্বালম্বিভাবে বেধে রাখা, গামছা বা ওড়না জাতীয় মোটা কাপড় দিয়ে বেধে রাখা। তবে এক্ষেত্রে কোনো চিকন কাপড় বা দড়ি দিয়ে শক্ত বাধন দেওয়া যাবে না। এতে রোগীর রক্ত সঞ্চালন ব্যহত হয়ে অঙ্গহানীর সম্ভবনা থাকে। তাই রোগীকে উত্তেজিত না করে যতদ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে। প্রতিটি সরকারি হাসপাতালে সাপের বিষ প্রতিরোধক ঔষধ পর্যাপ্ত রয়েছে।
গতকাল রবিবার সকালে সাতক্ষীরায় অসংক্রামক রোগ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সাপেকাটায় মৃত্যুর হার কমানোসহ স্বাস্থ্যবিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সিভিল সার্জনের কার্যালয়ের বাস্তবায়নে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়ার মাধ্যমে ওরিয়েন্টেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ ও ডা. মারুফ হাসান।
সেমিনারে অসংক্রামক রোগ বিষয়ক আলোচনায় বলা হয় যে, অসংক্রামক রোগ একটি নিরবঘাতক। এটির মাধ্যমে মানবদেহ শেষ করে দেয়। বর্তমানে ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার, কিডনি সংক্রামণ ও সিওপিডিকে অসংক্রামক রোগ বলে চিহ্নিত করা হয়েছে। সেকারণে খাদ্য অভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন জরুরি। এ জন্য নিয়মিত বেশি বেশি ফল, সবুজ সবজী ও পুষ্টিকর খাবার নিয়ম মেনে খেতে হবে। তাছাড়া চর্বিজাতীয় খাবার, ভাজাপোড়া ও নেশাজাতীয় জিনিস সম্পূর্ণ পরিহার করতে হবে। প্রতিদিনের খাবারে লবনের পরিমান কমিয়ে আনতে হবে। অতিরিক্ত চিন্তামুক্ত থাকতে হবে। পরিমিত ঘুম, প্রতিদিন ৩০/৪০ মিনিট হাটা, কায়িক পরিশ্রমের পরামর্শ প্রদান করা হয়। একই সাথে সড়ক দুর্ঘটনা, ডায়েরিয়াসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নির্মল কুমার মন্ডলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।









