জাল স্ট্যাম্প চক্রের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তারাও। ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি জালিয়াত চক্রের সাথে সরকারি প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের যোগসূত্র পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
জানা গেছে, গত ১৯ নভেম্বর এমন একটি চক্রকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। তারা চক্রটি জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি তৈরি করতো।
গোয়েন্দা রমনা বিভাগের জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে পল্টন এবং আশুলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে জাল স্ট্যাম্প প্রস্তুতের জন্য ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, দুটি বড় ইলেকট্রিক সেলাই মেশিন এবং একটি ভারী সেলাই মেশিনও উদ্ধার করা হয়।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিশু বিশ্বাস জানান, তারা অনেকদিন ধরে জাল স্ট্যাম্প কিছু অসৎ ভেন্ডরদের মাধ্যমে নানা সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছে। এসকলপ্রতিষ্ঠানে কারা জড়িত আছে তা আমাদের তদন্তে বের হয়ে আসবে এবং তাদেরও আইনের আওতায় আনা হবে।
গোয়েন্দা পুলিশ জানায়, ডাক টিকিট, জাল স্ট্যাম্প, কোর্ট ফি প্রস্তুতের কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে এ চক্রের সাথে জড়িত কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী সম্পর্কেও তথ্য পাওয়া গেছে। তবে কাজে সহযোগিতা করতো অসাধু তৃতীয় শ্রেণীর কর্মকর্তারা। পেপারগুলোর প্রস্তুত থেকে শুরু করে বিতরণ, ব্যবহার পর্যন্ত পুরো ব্যাপারটিই জানতেন।
ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, গ্রেফতারকৃতরা অনেকদিন জাল স্ট্যাম্প তৈরি করে ঢাকাসহ দেশের নানা জায়গায় সরবরাহ করে আসছে। এতে সরকার যেমন রাজস্ব হারিয়েছে, তেমনি সাধারণ মানুষও ব্যাপকভাবে প্রতারিত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো।
আনন্দবাজার/এইচ এস কে









