নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) টহলের সময় একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ ১৩ মামলার আসামি এক যুবক গ্রেপ্তার হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে শহরের কাউরিয়াপাড়ার মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার।
গ্রেপ্তার যুবকের নাম মো. শাকিল মিয়া (২৫)। তিনি নরসিংদী শহরের সাটিরপাড়ার বকুলতলা মহল্লার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি এলাকায় একজন বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত।
জেলা গোয়েন্দা শাখা বলছে, প্রতিদিন রাতেরমতো গত বুধবার রাতেও শহরের বিভিন্ন সড়কে টহল দিচ্ছিল ডিবির একাধিক দল। রাত সাড়ে ৩টার দিকে ডিবির উপপরিদর্শক নঈমুল মোস্তাকের নেতৃত্বে একটি দল কাউরিয়াপাড়ার মোল্লা মার্কেটের সামনে টহলের সময় ওই যুবককে সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার দেহ ও ব্যাগ তল্লাশী করেন তারা। পরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কফি রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উপ পরিদর্শক নঈমুল মোস্তাক জানান, ডিবি কার্যালয়ে আনার পর তার সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, এর আগে মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ এই অস্ত্র ও গুলির উৎস সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। এই বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি।
জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, একনলা বন্দুক ও গুলিসহ আটকের ঘটনায় মো. শাকিল মিয়ার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে নরসিংদীর আদালতে পাঠানো হয়েছে।









