পুরুষদের জীবনযাপন পদ্ধতিতে ঝুঁকি থাকে। তারা ধূমপান এবং অ্যালকোহল বেশি পান করেন। এসবের কারণেই করোনা ভাইরাসে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এমনকি তাদের মৃত্যুঝুঁকিও বেশি। কিন্তু জিনগত কারণে বেশি সুবিধা পাচ্ছেন নারীরা।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব কথা বলেন। তিনি বলেন, পুরুষদের আক্রান্ত ও মৃত্যুঝুঁকি বেশি। যারা আক্রান্ত হচ্ছেন তারা গুরুতর হচ্ছেন বেশি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, পুরুষরা আগে থেকেই অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন বেশি। হাইপারটেনশন, ডায়াবেটিস, ম্যালাইটাস, ক্রনিক রিনাল ডিজিজ ইত্যাদি ছাড়া পেশাগত অকুপেশনাল এক্সপোজার পুরুষদের বেশি; এ কারণে ঝুঁকিও তাদের বেশি।
তিনি আরও জানান, পুরুষরা স্মোকিং, অ্যালকোহল পান করার কারণে ও সোশ্যাল আইসোলেশন কম থাকায় আক্রান্ত হন বেশি। অন্যদিকে নারীরা সুবিধা পাচ্ছেন, কারণ তাদের ডাবল এক্স ক্রোমোজোমের জন্য নারীদের জিনগতভাবে বেশি ইমিউন থাকে।
এ ব্যাপারে ৪ মে গ্লোবাল হেলথ রিপোর্ট থেকে সায়েন্স ডিরেক্ট ডটকমে জারিমা শর্মা ও এরিন ডি মাইকোস ফিচার প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
পুরুষদের অনুরোধ করে ডা. নাসিমা সুলতানা বলেন, পুরুষরা সতর্ক থাকবেন বেশি। আরও বেশি সচেতন হন, সতর্ক থাকেন। যে স্বাস্থ্যবিধি মানতে বলি, সেগুলো মানবেন।
বুলেটিনে বলা হয়, নভেল করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫৪৫ জনের মৃত্যু হলো।
আনন্দবাজার/এফআইবি









