লকডাউন এলাকায় জরুরি সেবার নাম্বারে ফোন করে মদ কিনে দিতে বললেন এক ব্যক্তি! রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এলাকাটিতে জরুরি সেবায় নিয়োজিত ৮০ জন স্বেচ্ছাসেবককে এমনই নানান অহেতুক আর অযৌক্তিক সাহায্যের দাবিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
রাত ১২টা, ১টা এমনকি গভীর রাতেও পান, কোমল পানীয়, ব্রয়লার মুরগী কিংবা রং ফর্সা করা ক্রিমের মতো উদ্ভট আবেদনের মুখোমুখি হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। এক ব্যক্তি ফোন করে দিনে দুপুরে মদ কিনে দিতে বলেন। মদের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে মোবাইল ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি বলেন, আমি মদ খাই, তাই আমার কাছে বৈধ মনে হচ্ছে।
লকডাউন কার্যকর করতে হলে স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সহযোগিতার বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে স্বেচ্ছাশ্রম দিতে আসা মানুষগুলোকে নানা অযৌক্তিক এবং অবাস্তব চাহিদার কাছে হতে হচ্ছে বিব্রত।
স্বেচ্ছাসেবকদের সমন্বয়ক মাসুদ হোসেন সুমন বলেন, আমরা তাদের কোনো চাহিদাকে অযৌক্তিক বলবো না। তারা চিন্তা করুক, যেটা চাচ্ছে সেটা তাদের এখন প্রয়োজন কিনা।
করোনা সংক্রমণ রোধে গত ১০ জুন থেকে রেড জোন হিসেবে চিহ্নিত করে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন ঘোষণা করা হয়।
আনন্দবাজার/ডব্লিউ এস









