প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আজ
- সংস্কৃতিকর্মীদের প্রাণে সঞ্চার জোগাবে
অযত্ন-অবহেলায় পড়ে থাকা রংপুর শিল্পকলা একাডেমি চত্বরের চেহারা বদলে গেছে। নতুন ভবনকে ঘিরে মুখরিত হয়ে উঠেছে সংস্কৃতিপল্লীখ্যাত টাউন হল চত্বর। বাড়ছে সংস্কৃতি অনুরাগীদের আনাগোনা। সকাল থেকে রাত অবধি চলছে সাংস্কৃতিক কর্মকান্ড। যেন নতুন শিল্পকলা একাডেমিকে ঘিরে উজ্জীবিত এখানকার সংস্কৃতি কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি এই শিল্পকলা একাডেমি এ অঞ্চলের সংস্কৃতি কর্মীদের প্রাণে সঞ্চার জোগাবে বলে মনে করছেন সংগঠকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর এই উপহার বাঙালি সংস্কৃতির চর্চা, বিকাশ, প্রসার ও লালন প্রচেষ্টাকে আরো বেগবান করবে। নবনির্মিত অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত জেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন হচ্ছে আজ ১৩ এপ্রিল বুধবার। সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে রংপুরসহ দেশের আটটি শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানটিতে গণভবন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন ও নারায়ণগঞ্জ, জামালপুর, মৌলভীবাজার, পাবনা, কুষ্টিয়া, খুলনা, মানিকগঞ্জ ও রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও শিল্পীরা সংযুক্ত থাকবেন।
ইতোমধ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নবনির্মিত ভবনটি পরিদর্শন করেন। এর আগে গত মার্চ মাসে রংপুর সফরে এসে নবনির্মিত শিল্পকলা একাডেমি ভবন পরিদর্শন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক আন্দোলন ও চর্চার উর্বরভূমি হিসেবে পরিচিত রংপুরে ২৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে বিভাগীয় এই শহরে জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে নির্মাণ কাজও শেষ হয়েছে। পাঁচতলা বিশিষ্ট অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই শিল্পকলা একাডেমির উদ্বোধন ঘিরে আনন্দে উদ্বেলিত এখানকার শিল্পী-কলাকুশলী ও সংগঠকরা।
সরেজমিনে দেখা যায়, রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র টাউন হল চত্বরে পুরাতন শিল্পকলা একাডেমি ভবনের পাশেই প্রায় ৪৫ শতাংশ জমির ওপর নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন। ২০১৭ সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু হবার কথা থাকলেও বরাদ্দ দেরিতে আসায় প্রায় আট মাস পর এর নির্মাণ কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন নির্মাণ কাজ শেষে শুধুই আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগ ও জিওবির (উন্নয়ন) অর্থায়নে দৃষ্টিনন্দন এই ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে গণপূর্ত বিভাগ। নতুন এই ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা মিলে ৫০০ আসন বিশিষ্ট সুবিশাল একটি অডিটোরিয়াম রয়েছে। পাশাপাশি ভবনের আন্ডারগ্রাউন্ডে গাড়ি রাখার গ্যারেজ, দ্বিতীয় তলাতে কনফারেন্স রুম ও আর্ট গ্যালারি, তৃতীয় তলায় ক্যাফেটেরিয়া, চতুর্থ তলায় লাইব্রেরি এবং পঞ্চম তলায় সুসজ্জিত ডরমিটরি রয়েছে। এছাড়া ভবনের বিভিন্ন তলায় শ্রেণি কক্ষ, অফিস কক্ষ, প্রশিক্ষক কক্ষসহ অন্যান্য কক্ষ রয়েছে। সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে এখানে।
বিশাল পরিসরের এই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করতেই নজর কাড়বে দৃষ্টিনন্দন একটি ট্যারাকোটা। এতে রংপুরের ঐতিহাসিক স্থাপনা তাজহাট জমিদার বাড়ি, জেলা পরিষদ ভবন, টাউন হলের পাশাপাশি হাড়িভাঙা আম ও গরুর গাড়ি, একতারা, দোতরা, বাঁশিসহ লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ভবনটির নির্মাণ কাজ শেষ হবার পর কয়েকবার পরীক্ষণমূলক কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। নবনির্মিত এই আধুনিক শিল্পকলা ভবনের পাশে ঐতিহ্যবাহী টাউন হল চত্বরে প্রতিশ্রুতিশীল ১৮টি সাহিত্য ও নাট্য সংগঠনসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের নিজস্ব কার্যালয় রয়েছে। রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু বলেন, এই টাউন হল চত্বরে পাশাপাশি একইসঙ্গে অনেকগুলো সাংস্কৃতিক সংগঠন দীর্ঘ সময় ধরে চর্চা করে যাচ্ছে। সবার আশা ছিল, এই বিভাগীয় শহরে আধুনিক শিল্পকলা ভবন হবে। অবশেষে তাদের সেই স্বপ্ন আজ পূরণের পথে। নাট্য ব্যক্তিত্ব ও রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ বলেন, আধুনিক শিল্পকলা ভবন রংপুর অঞ্চলে ইতিবাচক প্রভাব ফেলবে। এখানকার সংস্কৃতিচর্চা আরও বেগবান হবে।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমু বলেন, নতুন শিল্পকলা একাডেমি ভবনটির উদ্বোধনের জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিন রংপুরসহ আট জেলায় নতুন আটটি শিল্পকলা একাডেমির উদ্বোধন করবেন। সরকারের এ উদ্যোগে রংপুর বিভাগের মানুষের শিল্প সংস্কৃতি চর্চায় নতুন মাত্রা যোগ হবে বলেও জানান তিনি।









