- ৬ মাসের কারাদণ্ড
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে গভীর রাতে গোপনে বাল্যবিবাহ করানোকালে মিজানুর রহমান (৪০) নামে একজন ভুয়া কাজীকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ ভুয়া কাজীর নিকট থেকে ৪০ থেকে ৫০টি বিবাহ করানো নকল বিবাহবন্ধন ফরম উদ্ধার করা হয়েছে। দক্ষিণ খানপুর এলাকার আমীর আলী শেখের ছেলে মিজানুর রহমানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর এলাকায় স্থানীয় ১৪ বছর বয়সের অষ্টম শ্রেণিতে পড়া এক মেয়ের সঙ্গে পাশ^বর্তী একটি ছেলের সঙ্গে রবিবার রাতে বিবাহের আয়োজন করে। এ খবর গোপনে পেয়ে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে ওই এলাকায় হানা দিয়ে কাজীকে আটক করে। অভিযোগ রয়েছে ভুয়া কাজী মিজানুর রহমান নকল নিকাহ ফরম পূরণ করে বাল্যবিয়ে সম্পন্ন করায়। পরে বয়স পূর্ণ হলে বৈধ নিকাহ রেজিষ্টারের কাছে গিয়ে অনৈতিকভাবে বিবাহ রেজিষ্ট্রি করে নেয়। অভিযোগ মতে ওই কাজীর নিকট থেকে ৪০/৫০টি পূরণ করা ভুয়া নিকাহ ফরম উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর আওতায় ভুয়া কাজী মিজানুর রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।









