করোনাভাইরাস সংক্রমন রোধে লক ডাউনের কারণে কর্মহীন হয়ে বিপাকে পড়েছেন হিলি সীমান্তের খেটে খাওয়া নিম্ন আয়ের অসহায় ও দুঃস্থ মানুষেরা। আর তাদের কথা মাথার রেখেই এক টাকার বাজার নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন হিলি-হাকিমপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হাকিমপুর ফাউন্ডেশন।
এই বাজার থেকে এক টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন যে কেউ। হাকিমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এক টাকার এই বাজারের কারণে স্বস্তি ফিরে এসেছে অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে।
হিলি সীমান্তের হিলি চেকপোষ্ট, মধ্যবাসুদেবপুর, চুড়িপট্টি ও আদিবাসি পাড়া সহ যেসব এলাকায় গরীব অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের বসবাস সেইসব এলাকায় এক টাকার ভ্রাম্যমান দোকান নিয়ে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে হাকিমপুর ফাউন্ডেশনের সদস্যরা তাদের মাঝে পণ্য বিক্রি করছেন।
এক টাকার বিনিময়ে প্রত্যেককে দেওয়া হচ্ছে এক কেজি চাল, অড়াইশ গ্রাম পেঁয়াজ, অড়াইশ গ্রাম আলু, মিষ্টি কুমড়া ও বিভিন্ন ধরনের শাক। এ ছাড়া ইফতার সামগ্রীও বিতরণ করছে হাকিমপুর ফাউন্ডেশন।
এলাকাবাসী আফজাল হোসেন জানান, কাজ করেই চলতো তার সংসার। কিন্তু করোনার কারণে কাজ না থাকায় এখন তেমন কোন আয় নেই। রোজগার না থাকায় পরিবার পরিজন নিয়ে পড়েছেন কঠিন বিপাকে। যে ত্রান বা খাবার দেওয়া হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল। এক টাকার বাজার তার মত মানুষদের জন্য আর্শিবাদ স্বরুপ।
হাকিমপুর ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান সোহাগ বলেন, হাকিমপুর সহ দেশের বিভিন্ন স্কুল-কলেজের ৬০ জন শিক্ষার্থী নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। গেলো ২৬ মার্চ থেকে তারা করোনা সর্ম্পকে মানুষকে সচেতন করে আসছেন। পাশাপাশি তাদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এইচ









