বাংলাদেশি অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য করা হয়েছে। শুক্রবার সিএইচআরএফের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেঁজুতির টিআইএমবির সদস্য হওয়ার এই বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রথম বাংলাদেশি বিজ্ঞানী হিসেবে গ্লোবাল পোলিও অ্যারাডিকশন ইনিশিয়েটিভের পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে যোগ দেবেন সেঁজুতি সাহা।
এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণ এই বিজ্ঞানী ফেসবুক পোস্টে বলেন, 'এই প্রথম একজন বাংলাদেশিকে এমন একটি পদ দেওয়া হচ্ছে।'
তিনি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ঢাকার গবেষণাগারে নভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজে নেতৃত্ব দিয়েছেন।
সেঁজুতি সাহা এখন বেসরকারি শিশুস্বাস্থ্য গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে কাজ করছেন। তার বাবা অধ্যাপক সমীর সাহাও একজন অণুজীববিজ্ঞানী এবং ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান।
হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে জানানো হয়, এ বছর মোট তিন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে। সেঁজুতি ছাড়া আরও দুই সদস্য নেওয়া হয়েছে। তারা হলেন - যুক্তরাষ্ট্রের অধ্যাপক শেলা লেদারম্যান এবং নাইজেরিয়ার লোলা ডারে।
আনন্দবাজার/এস.কে









