নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাটের মেঘনা নদী থেকে ২ লাখ ৬৬হাজার মিটার কারেন্ট জাল, ৫টি বেহুন্দি জাল ও ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ। জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জাটকা ইলিশ স্থানীয় দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জব্দ করা এসব জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নৌ-পুলিশের একটি দল। এসময় ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ২ লাখ ৬৬হাজার মিটার কারেন্ট জাল, ৫টি বেহুন্দি জাল এবং ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, জাটকা ইলিশ শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান। আমাদের দুইটি টিম নদীতে প্রতিদিন টহলে রয়েছে।









