জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের সুজন মিয়ার বড়শিতে এ মাছ ধরা পড়ে। পরে স্থানীয় বাজার জগন্নাথগঞ্জ ঘাট নেওয়ার সময় স্থানীয় শাহজামাল মাছটি কিনে নেন।
স্থানীয় সূত্র জানায়, যমুনা নদীতে সুজন বড়শি ফেলে প্রতিনিয়তই মাছ ধরেন। প্রতিদিনের মতো ভোরে সুজন গিয়ে দেখেন বড়শি নড়ছে। এ সময় কাছে গিয়ে দেখেন বিশাল আকারের একটি বোয়াল ধরা পড়েছে। পরে তার ভাই রুবেল মিয়াকে ডেকে বোয়ালটি পাড়ে তোলেন। খবরটি আশেপাশে ছড়িয়ে পড়লে মাছটি দেখতে সুজনের বাড়িতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে সকাল ৮টার দিকে মাছটি বিক্রির জন্য জগন্নাথগঞ্জঘাট বাজারে নেওয়ার সময় স্থানীয় শাহজামাল মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন।
মাছ শিকারী সুজন বলেন, আমি প্রতিদিন মাছ ধরতে নদীতে বড়শি ফেলি। ছোট ছোট জীবিত মাছ বড় মাছের খাবার হিসেবে বড়শিতে বিদ্ধ করে পানিতে ভাসমান অবস্থায় রেখে দেই। জীবিত মাছ পানির উপরে নড়াচড়া করলে দূর থেকে বড় মাছ ওই ছোট্ট মাছকে খেয়ে ফেললে বড়শিতে আটকা পড়ে যায়।
সরিষাবাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য বলেন, যমুনা নদীতে সবসময় বড়শিতে ছোট-বড় সব সাইজের বোয়াল মাছ ধরা পড়ে। বোয়াল মাছ ব্যাঙ, ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। এ মৌসুমে ওই খাবারগুলো খেতে এসেই মাছগুলো মূলত বড়শিতে ধরা পড়ে।









