মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবের মধ্যেই দেশের অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের অধিকাংশ জায়গাতেই। ইতোমধ্যে ঢাকার ডেমরার নলছাটা, দুর্গাপুর, তাম্বুরাবাদ, ধিত্পুর, খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া, মেন্দিপুর এলাকার নিম্নাঞ্চলগুলো বালু নদের পানিতে প্লাবিত হয়েছে।
জানা যায়, খিলগাঁও থানার ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে ইদারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি ও গজাইরাপাড়ার রাস্তাঘাট এবং নিম্নাঞ্চল তলিয়ে গেছে। নিম্নাঞ্চলগুলোরও একই হাল ডিএসসিসির ৬, ৭১ ও ৭৩ নম্বর ওয়ার্ড গুলোর।
অন্যদিকে, বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে ঢাকার আশপাশের এলাকার মানুষও। পদ্মায় পানি বেড়ে এলাকার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দে। ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মার গোয়ালন্দ পয়েন্টে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপত্সীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্কুল, বেড়িবাঁধসহ এলাকার মহাসড়কের ঢালে আশ্রয় নিয়েছে। রাস্তাঘাট ও শতাধিক মাছের খামার ও ফসলি ক্ষেত তলিয়ে গেছে।
রূপগঞ্জের নিম্নাঞ্চলগুলো কয়েক দিনের টানা বর্ষণ ও উত্তরাঞ্চল থেকে ধেয়ে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে। গতকালও শীতলক্ষ্যা ও বালু নদের পানি বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। কয়েক শ পরিবার এরই মধ্যে পানিবন্দি হয়ে আছে। ভেসে গেছে শতাধিক মাছের খামার। ডুবে গেছে ফসলী জমি, রাস্তাঘাট।
আনন্দবাজার/এস.কে









