সম্প্রতি সিলেটের জাফলংয়ের প্রতিবেশ-সংকটাপন্ন এলাকার (ইসিএ) সেই স্থানে পাথর উত্তোলন বন্ধ করে দেশের প্রথম ‘ভূতাত্ত্বিক জাদুঘর’ স্থাপনের পরিকল্পনা করেছে বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।
জানা গেছে, উচ্চ আদালতের আদেশে সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়ে পাথর তোলার প্রস্তুতির প্রেক্ষাপটে বিএমডি চিঠি দিয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনকে এ পরিকল্পনার তথ্য জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, ২০১২ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেওয়া হয়। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে ইসিএ ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি হয়। ২০১৬ সালের ১১ জানুয়ারি জাফলংকে ‘ভূতাত্ত্বিক ঐতিহ্য’ ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে জাফলংয়ের ২২ দশমিক ৫৯ একর জায়গাকে সংরক্ষিত ঘোষণা করা হয়।
ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপনের ব্যাপারে সরকারি ওই চিঠিতে জানানো হয়েছে, উন্মুক্ত শিলাস্তর, চুনাপাথর সংরক্ষণ এবং গবেষণার জন্য জাতীয় স্বার্থে ২৫ দশমিক ৫৯ একর ভূমিকে ভূতাত্ত্বিক ঐতিহ্য ঘোষণা করা হয়েছে। ওই ভূমিতে আন্তর্জাতিক মানের একটি ভূতাত্ত্বিক জাদুঘর নির্মাণ করা হবে।
চিঠিতে আরও বলা হয়, জাফলং ইসিএ–ভুক্ত এলাকা ছাড়াও ভূতাত্ত্বিক ঐতিহ্য হিসেবে চিহ্নিত এলাকায় একটি ভূতাত্ত্বিক জাদুঘর নির্মাণ করা হবে। মেসার্স জালালাবাদ লাইম ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনসহ আরও একটি প্রতিষ্ঠানকে ওই স্থানে পাথর উত্তোলন থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ‘খনি ইজারা’ নিয়ে জাফলংয়ের সোনাটিলাসহ আশপাশের এলাকায় পাথর উত্তোলন করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ফাঁড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
অপরদিকে বিএমডির ওই চিঠির ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করছেন জালালাবাদ লাইম ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফসার উদ্দিন। তিনি জানান, আমরা উচ্চ আদালতের নির্দেশনায় জাফলংয়ে অধিগ্রহণ করা স্থানে অবস্থান নিয়েছি। সরকারকে আমরা টাকা দিয়ে ভূমির অধিগ্রহণ করেছি। সেখান থেকে পাথর তুললে এ জন্যও রেন্ট (টাকা) দেওয়া হবে। এখন এই স্থান যদি সংরক্ষিত হয়, তাহলে অবশ্যই আমাদের অধিগ্রহণ করা ভূমির ক্ষতিপূরণ দিয়ে ব্যাপারটি সুরাহা করতে হবে।
আনন্দবাজার/এইচ এস কে









