ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ভূমিহীন ও দুঃস্থদের মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে গিয়েছিলেন ১৫ দেশের প্রতিনিধি দল। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া এলাকায় ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলংকা, ভারতসহ এশিয়ার ১৫টি দেশের জিও এবং এনজিও প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের এ আশ্রায়ন প্রকল্পগুলো ঘুরে দেখেন।
এদিকে বিদেশী কর্মকর্তাদের আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসাকে কেন্দ্র করে প্রকল্পের বাসিন্দাদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
কফাই বালিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ছাবেরা খাতুন বলেন, আমাগো খুব ভালো লাগছে। তারা (বিদেশী) আমাগো লগে কথা কইছে ইংরেজিতে, আমরা কিছু না বুঝলেও আমাগো হাসিতে তারা বুঝছে, আমরাও হেসেছি। আমাগো ঘরে বইসা আমাগো খোঁজ খবর নেছে, খুব ভালো লাগছে।
আশ্রয়ন প্রকল্পের আরেক বাসিন্দা জোহরা খাতুন বলেন, আমার ঘরে মুড়ি ছিল তা খেতে দিছি, তারা তা খাইছে, আমার খুব ভালো লাগছে। আগেতো থাকনের জায়গা ছিলনা। প্রধানমন্ত্রী একটু থাকনের ব্যবস্থা করছে, সেখানে বিদেশী মেহমান আইছে, তাদের মুড়ি খাইয়াইতে পারছি এরচেয়ে আর খুশির কি হতে পারে।
ফিলিপাইন থেকে আসা মেরিয়া নবলেজা বলেন, আমার খুব ভালো লেগেছে জায়গাটি। এখানে থাকা মানুষের সাথে কথা বলে ভালো লাগলো। তাদের আতিথেয়তায় মুগ্ধ আমি ও আমার সাথে সবাই। অনেক মজা করেছি।
ভিয়েতনাম থেকে আসা কালতস বলেন, এখানে এসে ভালো লেগেছে। সরকারের এ কার্যক্রম খুব ভালো লেগেছে। আমরাও চেষ্টা করবো এই ধরনের কার্যক্রম আমাদের দেশে ও বিভিন্ন দেশে এই কার্যক্রম পরিচালনা করার।
এদিকে বিদেশী নাগরিকদের আশ্রয়ন প্রকল্পে আসা উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পিঠাপুলি, পাপর, গরম জিলাপী, হালিম সহ বিভিন্ন খাবারের স্টল দেওয়া হয়। সেখান থেকে তারা বিভিন্ন ধরনের খাবার খেয়ে খুব খুশি। ঘুরে ঘুরে বিভিন্ন স্টল থেকে তারা খাবার খেয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, জেলার বিভিন্ন উপজেলায় ৫ হাজারের অধিক গৃহহীনকে ঘর প্রদান করা হয়েছে। নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া এলাকায় আশ্রয়ন প্রকল্পে ১'শ ২০ জন গৃহহীন মাথা গোজার ঠাঁই পেয়েছেন।
তিনি আরো বলেন, কফাই বালিয়া প্রকল্পে বিদেশী নাগরিকরা এসে খুব খুশি হয়েছে। প্রকল্পের বাসিন্দারাও খুব আনন্দিত।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: আতিকুল হক বলেন, গত ২৮ নভেম্বর তিন দিনব্যাপী এশিয়া শেল্টার ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন এই দলটি। ২৯ নভেম্বর ঢাকায় সম্মেলন শেষে, ফিল্ড ভিজিটের অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে নিয়ে আসা হয় তাদের।
তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের জন্য যে উদ্যোগ নিয়েছেন তা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। এটাই দেখাতে তাদের এখানে নিয়ে আসা। তারা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেছে, তারা খুব খুশি। তারা তাদের দেশে এধরনের উদ্যোগ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। এছাড়া সরকারের আরেকটি বড় প্রকল্প গর্বের পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়েও তাদের দেখানো হয়েছে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আশ্রায়ন প্রকল্পের ঘর গুলো ঘুরে দেখার সময় প্রতিনিধি দলের সদস্যরা এখানকার বাসিন্দাদের সাথে কথা বলেন। বাংলাদেশের এই আশ্রয়ন প্রকল্পগুলো অনুকরণীয়, এশিয়ার অন্যান্য দেশেও এই ধারণার প্রয়োগ সময়োপযোগী বলে মনে করেন প্রতিনিধি দলের সদস্যরা। আশ্রায়ন প্রকল্প দেশের ভূমিহীন দরিদ্রদের যেমন উপকারে এসেছে, তেমনি বিদেশীদেরও নজর কেড়েছে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।









