নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী আন্দারুপাড়া শান্তির মোড় এলাকার পাহাড়ি কোচপল্লী খলচান্দা গ্রামের মিনি সেতুটি দুই বছর আগে বালুভর্তি ট্রাকের চাপে ভেঙে গেছে। ফলে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পোড়াগাঁও ইউনিয়নসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। যাতায়াতে দুর্ভোগ লাগবে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার খলচান্দা কোচপাড়া গ্রাম, আন্দারুপাড়া, বুরুঙ্গা ও
বারমারী এলাকায় যাতায়াতের জন্য প্রায় ১৭ বছর আগে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের অর্থায়নে এ সেতুটি নির্মাণ করা হয়। ২০২০ সালে বালু বোঝাই একটি ট্রাক আসার সময় ওই সেতুর একাংশ ভেঙে গিয়ে দেবে যায়। সংস্কারের অভাবে সেতুটি এখন ভেঙে পড়ে আছে। যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
গ্রামবাসী জানান, সেতুটি দীর্ঘদিনেও সংস্কার না করায় ভোগান্তি চরমে পৌঁছেছে। কেউ হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত হাসপাতালে নিতেও ভোগান্তিতে পড়তে হয়। খলচান্দা গ্রামের পরিমল কোচ বলেন, এই সেতু দিয়ে ৪-৫টি গ্রামের কয়েক হাজার সাধারণ মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। দুই বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। এটি মেরামতের কোনো উদ্যোগ না থাকায় মানুষ দুর্ভোগে পড়েছে। একই গ্রামের বাসিন্দা রঞ্জিত কোচ, পরমেশ্বর কোচ ও জুলফিকার আলী ভুট্রো জানান, এ সেতু দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারে না। কেউ অসুস্থ হলে দ্রুত করে আমরা তাকে হাসপাতালে নিতে পারি না। ফলে নতুন একটি সেতু নির্মাণের দাবি জানান তারা।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ভেঙে যাওয়া সেতুর বিষয়ে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এছাড়া ওই সেতুটির দরপত্র প্রক্রয়াধীন রয়েছে।
আনন্দবাজার/এম.আর









