চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এতে রোগীদের ভোগান্তির শেষ নেই। উপজেলা সদরে সু-বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা চন্দনাইশ হাসপাতালে দীর্ঘ সময় ধরে জনবল সংকট থাকলে ও কারো কোনো মাথাব্যথা নেই বলেই চলে।
সরেজমিনে বিভিন্ন এলাকা থেকে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায় জনবল সংকটের কথা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মরত একজন নার্স বলেন, এ হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি থাকলে ও জনবল না থাকায় তা ব্যবহার করা যাচ্ছে না। এতে করে এসব যন্ত্রপাতি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে হাসপাতালের অ্যাম্বুলেন্সটি চালক বা ড্রাইভার না থাকায় ৩ থেকে ৪ মাস ধরে অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালে এক্সরে, আল্ট্রসোনেগ্রাফি, ওটি মেশিন থাকলে ও জনবল সংকট থাকায় এসব মেশিন বা যন্ত্রাংশ কোন কাজে আসছে না।
এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মো: নুরুদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতালে ৪র্থ শ্রেণির কর্মচারির সংকট রয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবিহিত করা হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, নতুন নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বিধায় শিগগির ব্যবস্থা গ্রহন করা হবে।









