বাংলাদেশের অর্থনীতি ও সমাজে অসামান্য অবদানের জন্য দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনকে মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেছে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি। ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশী ব্যবসায়ীনেতা নিজের দেশ ও সমাজের উন্নয়নে অসাধারণ অবদানের জন্য এ সম্মাননা পেলেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি এফবিসিসিআই সভাপতিকে এ সম্মাননা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
এ সময় সভাপতি বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক উন্নয়নে নতুন দরজা খুলবে। যুক্তরাষ্ট্রের মূল ধারার বাজারে বাংলাদেশী পণ্যের জনপ্রিয়তা বাড়াতে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের বাংলাদেশীদের এগিয়ে আসুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, নিউইয়র্ক আদালতের বিচারপতি সোমা সৈয়দ।
এর আগে ১৮ সেপ্টেম্বর সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে যুক্তরাজ্য হয়ে যুক্তরাষ্ট্র পৌঁছান ব্যবসায়ীরা। সফরকালে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অফ ইউএস চেম্বার অব কমার্সের সাথে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আলোচনায় অংশ নেন এফবিসিসিআই নেতৃবৃন্দ। সফর উপলক্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও মার্কিন বিনিয়োগ আকর্ষণ করতে বিটুবি সভা ও বেশকিছু সেমিনারের আয়োজন করা হয়।
বাণিজ্য প্রতিনিধিদলে ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এমপি, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিনুল হক শামীম, মোঃ আমিন হেলালী, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, এফবিসিসিআই'র পরিচালক খান আহমেদ শুভ এমপি, দিলীপ কুমার আগারওয়ালা, রেজাউল করিম রেজনু, সিআইপি, ড. কাজি এরতেজা হাসান সিআইপি, ড. নাদিয়া বিনতে আমিন, প্রীতি চক্রবর্তী, কে এম আখতারুজ্জামান, মোঃ নিজাম উদ্দিন, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), নাজ ফারহানা আহমেদ, মোহাম্মদ আলী খোকন, আলমগীর শামসুল আলামিন কাজল, তাহমিন আহমেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাহবুবুল আলম, ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান, বংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রির পরিচালক জেসমিন আকতার, হলোগ্রাম বাংলাদেশ লিঃ এর চেয়ারম্যান মামদুহা রওশন শেলী, বসুন্ধরা গ্রুপের পরিচালক আফরোজা বেগম, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস অসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী।









